জাতীয়

কলেজ ও মাদ্রাসায় ৩৯ দিনের দীর্ঘ ছুটি শুরু, ক্লাস খুলবে ২৯ মার্চ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসায় দীর্ঘ ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। তবে স্কুল পর্যায়ের ছুটি কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে, কলেজগুলোতে আজ বুধবার থেকে রমজানের ছুটি কার্যকর হচ্ছে এবং ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় এই সময়সূচি উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে।

এর পরপরই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো মূলত ২৯ মার্চ রবিবার থেকে খুলবে। এছাড়া বছরের অন্যান্য ছুটির মধ্যে ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে। বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এর বাইরে প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এখতিয়ারে তিন দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে যা তারা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language