সাভার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, বিকালে বৈঠক

সাভার জাতীয় স্মৃতিসৌধ, ১৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা আজ বুধবার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এরপর সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সোয়া ১২টার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।
এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









