গাজীপুর

কালীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর, ১৭ ফেব্রুয়ারি – আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে পরিচালিত এই অভিযানে চারজন ব্যবসায়ীকে মোট সতেরো হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার কালীগঞ্জ বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। সংশ্লিষ্ট সূত্র জানায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়। এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইনে একটি মামলাসহ মোট চারটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

এর মধ্যে মামুন স্টোরের স্বত্বাধিকারী মো. মামুন মিয়া, সুজন স্টোরের মালিক সুজন ও কামাল মুরগি ভান্ডারের মালিক কামালকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম জানান, অভিযানের সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং জনস্বার্থে বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language