জাতীয়

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের উপস্থিতি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে একাধিক দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা যোগ দেন। অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সরাসরি অংশ নেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা যোগ দিয়েছিলেন। শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচিও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও এই অনুষ্ঠানে অংশ নেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মোট ১৪টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আমন্ত্রিত দেশগুলোর তালিকায় ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। তবে আমন্ত্রিত ১৪ দেশের মধ্যে ছয়টি দেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতেরা। চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় অবস্থানরত অন্যান্য দেশের কূটনীতিকরাও শপথ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language