ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড, খালাস পেলেন বাচ্চু

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে গলা কেটে হত্যার দায়ে প্রধান আসামি গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি বাচ্চু মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
খালাসপ্রাপ্ত বাচ্চু মিয়া ভিকটিম আফরোজা বেগমের বাসার গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ১ নভেম্বর রাতে ধানমন্ডির লোবেলিয়া হাউজ নামের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে যে, ওই বাসায় আসামিরা দুজনকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে।
নিহত আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা রুবা একই ভবনের ডুপ্লেক্স বাসায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ৩ নভেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিলরুবা সুলতানা রুবা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং তদন্ত শেষে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে একই বছরের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মাধ্যমে বিচার কাজ শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









