জাতীয়

রমজানে স্কুল বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে মাধ্যমিক স্তরের অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিদ্যালয়গুলো খোলা থাকবে নাকি বন্ধ ঘোষণা করা হবে, সে বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের আপিলের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখান থেকে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসবে। এর আগে পবিত্র রমজানে মাধ্যমিক স্তরের বিদ্যালয় খোলা রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রণয়ন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

তবে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয় এবং পরবর্তীতে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এক আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল, হাইকোর্টের আদেশ মেনে শিক্ষা মন্ত্রণালয় ছুটি ঘোষণা করবে। তবে মন্ত্রণালয় নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে আপিল বিভাগে আবেদন করে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাই এ দেশের প্রথা ও নীতি। সংবিধান অনুযায়ী আইন বলতে বলবৎযোগ্য প্রথা ও রীতিকেও বোঝায়। এছাড়া রমজানে স্কুল খোলা থাকলে যানজট বৃদ্ধি পায় এবং রোজাদার শিক্ষার্থীদের জন্য তা কষ্টসাধ্য হয়ে পড়ে বলে নোটিশে দাবি করা হয়।

এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language