নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি: স্বামী-স্ত্রী আটক

নারায়ণগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে প্রশাসন। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন রাসেল ওরফে জিলানী ও তার স্ত্রী হাসিনা। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা ‘জিসান ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের ব্যানারে রমজান মাসকে সামনে রেখে সুলভ মূল্যে পণ্য দেওয়ার কথা বলে কার্ড বিক্রি করছিলেন।

প্রতিটি কার্ড ৫০ টাকায় বিক্রি করে তারা প্রায় ৩০০ পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। কার্ডধারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা ১ হাজার ২৮৫ টাকায় ১ হাজার ৭২৫ টাকার পণ্য কিনতে পারবেন। সোমবার সকালে পণ্য দেওয়ার কথা থাকলেও দুপুর পর্যন্ত কেউ পণ্য না পাওয়ায় ভুক্তভোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দম্পতিকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি স্থানীয় বাসিন্দাদের যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেন। স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটু জানান, দলের নাম ব্যবহার করে প্রতারক চক্র মানুষকে বিভ্রান্ত করছে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language