জাতীয়

বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথে আসছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি ও বিদেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের প্রতিনিধিরা। এছাড়া যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও এই আয়োজনে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকারের সঙ্গে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রায় দুই যুগ পর দলটি সরকার গঠন করতে যাচ্ছে।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায় এবং নতুন মন্ত্রিসভার শপথ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার।

সংসদীয় দলের নেতা নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর আগে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে আসতে না পারলেও তাঁর প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার যোগ দিচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সার্বিক প্রস্তুতি তদারকি করছে এবং প্রথা অনুযায়ী প্রধান বিচারপতি, রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language