ঢাকা

সাভারে হানিফ পরিবহনের বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

সাভার, ১৫ ফেব্রুয়ারি – সাভারে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাসটি পার্কিং অবস্থায় ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ পথচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে সাভার ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language