গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা, ১৫ ফেব্রুয়ারি – গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
কারা সূত্র জানিয়েছে শনিবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শামিকুল ইসলাম। প্রথমে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুরে স্থানান্তরের পরামর্শ দেন। রংপুরে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান অসুস্থ হওয়ার পরপরই তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। লিপন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে গত মাসেও তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। উল্লেখ্য শামিকুল ইসলাম সরকার লিপন ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন এবং এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









