সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জামায়াত আমিরের নির্দেশ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সাধারণ জনগণের পাশে শক্ত অবস্থানে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় জামায়াত আমির বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থান থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। একটি বিশেষ দলের উশৃঙ্খল কর্মীরা সাধারণ মানুষের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়ার কারণে নারীদের ওপর নির্যাতনের মতো বেদনাদায়ক ঘটনার তথ্যও আসছে। তবে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। তিনি উল্লেখ করেন, মজলুমের পাশে দাঁড়ানো মানবতার দাবি, দেশপ্রেম ও ধর্মীয় দায়িত্ব। এ বিষয়ে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই বলে তিনি নেতাকর্মীদের সতর্ক করেন।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









