প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থই অগ্রাধিকার: তারেক রহমান

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি সরকার আইনি পথেই হাঁটবে বলে তিনি উল্লেখ করেন। শনিবার নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ ও জনগণের স্বার্থ বিবেচনা করেই পররাষ্ট্রনীতি সাজাবে বিএনপি। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি বজায় রাখার কথা জানান তিনি। চীনের সিল্ক রোড প্রসঙ্গে তারেক রহমান বলেন, এটি দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনের আগে বলা কঠিন নির্বাচন ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে আস্থায় আনাই ছিল তাদের কৌশল এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করাই ছিল মূল চ্যালেঞ্জ। এছাড়া যুবসমাজ, বয়স্ক, নারী ও প্রতিবন্ধীসহ সমাজের সকল স্তরের মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সরকার গঠনের পর অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









