জাতীয়

নির্বাচন ও গণভোটের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি আজ শেষ হচ্ছে। আগামীকাল রোববার থেকে সরকারি ও বেসরকারি সব দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ছুটির শেষ দিন শনিবার দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এদিন সকাল থেকেই রেল ও সড়কপথে রাজধানীমুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছাচ্ছে। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশনে প্রবেশ করেছে। ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ভিড় তুলনামূলক কম। কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন জানান, সকাল থেকে সময়সূচি মেনেই ট্রেন চলাচল করছে। ঢাকামুখী ট্রেনগুলোতে যাত্রীর উপস্থিতি বেশি। দুপুরের পর থেকে রাজধানীতে ফেরার এই চাপ আরও বাড়বে এবং তা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

সড়কপথেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে বাসগুলো ঢাকায় প্রবেশ করছে। পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকামুখী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকেও লঞ্চযোগে অনেকে ঢাকায় ফিরছেন। সংশ্লিষ্টদের মতে, আজ ও আগামীকাল নৌপথেও যাত্রীদের এই চাপ অব্যাহত থাকবে। আজ ছুটির দিন হওয়ায় রাজধানীর রাস্তায় যানবাহন ও জনসমাগম কিছুটা কম থাকলেও আগামীকাল অফিস খোলার পর নগরী তার চেনা রূপে ফিরবে। এছাড়া নির্বাচন উপলক্ষে যানবাহনের ওপর আরোপিত সব বিধিনিষেধ আজ থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। গণপরিবহণ ও মোটরসাইকেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language