নির্বাচন ও গণভোট: বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন ও সহায়তার আশ্বাস

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে পূর্ণ সমর্থন এবং সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংস্থাটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে এই বার্তা দেন তাঁর মুখপাত্র স্টিফান ডুজারিক।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় আমরা বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিফিংয়ে মহাসচিবকে উদ্ধৃত করে মুখপাত্র আরও জানান, জাতিসংঘ বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে। এছাড়া অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রমের প্রত্যাশা করেন তিনি।
অন্যদিকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত ও ক্ষুধার শিকার মানুষের কথা স্মরণ করে তিনি প্রত্যেকের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









