ত্রয়োদশ নির্বাচনে সাত নারীর জয়, ছয়জনই বিএনপির

ব্রাহ্মণবাড়িয়া, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার সাতজন নারী প্রার্থী বিজয়ের হাসি হেসেছেন। এই সাতজন বিজয়ীর মধ্যে ছয়জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মনোনীত প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৮৩ জন নারী প্রার্থীর মধ্যে এই সাতজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চমক দেখিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। সিলেট ২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলীর চেয়ে ৭৯ হাজার ৩২১ ভোট বেশি পেয়েছেন। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
সেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মো. সাঈদ নূর পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট। ঝালকাঠি ২ আসনে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করীম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। ফরিদপুর ২ আসনে বিএনপির শামা ওবায়েদ ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফরিদপুর ৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তিনি জামায়াত মনোনীত প্রার্থী আবদুত তাওয়াবকে ২৪ হাজার ভোটে পরাজিত করেছেন। নাটোর ১ আসনে বিএনপির ফারজানা শারমিন পুতুল ১ লাখ ১ হাজার ৬৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছেন ৯১ হাজার ৩০১ ভোট। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের মধ্যে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন এবং তাদের সাফল্যের হার ৮.৪ শতাংশ।
এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









