কক্সবাজার-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী শাহজাহান চৌধুরী, ব্যবধান দেড় হাজার ভোট

কক্সবাজার-৪, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ বা উখিয়া-টেকনাফ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হয়েছেন শাহজাহান চৌধুরী। ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।
শুক্রবার সকাল ১১টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান নির্বাচনের এই ফলাফল নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে পোস্টাল ভোটসহ ১১৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৯ ভোট। এ ছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল হক হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৩৮ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী সিংহ প্রতীকে ৩৭৯ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৫৫ হাজার ২৩১ জন।
নির্বাচনে বৈধ ভোট গণনা করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৩২টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ৮৯৯টি ভোট। মোট ভোট পড়ার হার ছিল ৬৭ দশমিক ৯৪ শতাংশ। উল্লেখ্য যে এর আগে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিনি জাতীয় সংসদের হুইপ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









