জাতীয়

নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোট অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক বার্তায় তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকার অটুট।

প্রার্থীরা যে সংযম দেখিয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল এবং গণমাধ্যমকর্মীদের বিশেষ ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরেও যেন গণতান্ত্রিক শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করেছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই নির্বাচনকে মহা আনন্দ ও উৎসবের হিসেবে অভিহিত করে তিনি বলেন, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।

দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ এই নির্বাচনের ধারা অব্যাহত থাকলে গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language