হবিগঞ্জ

হবিগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা যুবকের দুই বছরের কারাদণ্ড, আটক ৭ কিশোর

হবিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি – হবিগঞ্জ-২ আসনের বানিয়াচং উপজেলায় দুটি ভোটকেন্দ্রে পৃথক বিশৃঙ্খলার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে সন্দেহজনক আচরণের অভিযোগে সাত কিশোরকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার উপজেলার মন্দরী ও বাগাহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাসির এবং তিনি মন্দরী গ্রামের গেদু মিয়ার ছেলে। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, মন্দরী কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুর বাছিত আজাদ এবং বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাসিরকে আটক করে। পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফি উল্যাহ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাসিরকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্তর বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। অন্যদিকে বাগাহাতা ভোটকেন্দ্রে একসঙ্গে দলবেঁধে সন্দেহজনক আচরণ করায় সাত কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language