ঢাকা

ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করার হুঁশিয়ারি নাসীরুদ্দিনের

ঢাকা-৮, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে বিএনপি নেতা মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন এখন সময় প্রতিরোধের এবং যদি এই আসনে ভোট ডাকাতি হয় তবে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়া হবে। নির্বাচনে জয়ী হন বা না হন বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ারও ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে এনসিপির নেতাকর্মীদের নিয়ে ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার সময় বিএনপির কর্মী ও সমর্থকরা তাদের ওপর চড়াও হয়। সেনাবাহিনীর উপস্থিতিতেই তার মাথায় আঘাত করা হয়েছে বলে তিনি দাবি করেন। পরবর্তীতে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেখান থেকে সরিয়ে দেয় বলে জানান নাসীরুদ্দিন পাটোয়ারী। শাপলা প্রতীকের এই প্রার্থী দুটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন যা হলো রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন তারা গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাইছে। এ সময় মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন যে হারার ভয়ে থাকলে খেলায় না থাকতে এবং ভোট বানচাল না করতে। গণতন্ত্র রক্ষার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language