ভোট দিয়ে ড. ইউনূস বললেন, আজ আমার জীবনে মহা আনন্দের দিন

গুলশান মডেল হাই স্কুল, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট প্রদান শেষে তিনি এই দিনটিকে তাঁর জীবনের অন্যতম আনন্দের দিন হিসেবে অভিহিত করেন।
তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে জাতি হিসেবে আমরা দুঃস্বপ্নময় অতীতকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, আজকের দিনটিকে জাতির জন্মদিন বা পুনর্জন্ম হিসেবেও উদযাপন করা যেতে পারে। দিনটিকে মুক্তির দিন উল্লেখ করে তিনি দেশবাসীকে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান।
গণভোটের তাৎপর্য তুলে ধরে ড. ইউনূস বলেন, দেশের আমূল পরিবর্তনের জন্য এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিয়ে নতুন রাষ্ট্র কাঠামো তৈরিতে ভূমিকা রাখার অনুরোধ জানান। পরিশেষে তিনি দেশবাসীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









