গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার ও শিশুসহ আহত ৩

গোপালগঞ্জ সদর, ১২ ফেব্রুয়ারি – গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য এবং একজন ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের জেরে ভোটকেন্দ্রের মূল ফটকও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা হলেন ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং আমেনা খানম নামের ১৩ বছর বয়সী এক শিশু। ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালের দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল।
হঠাৎ দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হন। বিকট শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









