জাতীয়

ভোটের সময় বৈধ টাকা বহনে কোনো নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – নির্বাচনের সময় টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি স্পষ্ট করেছেন যে টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ টাকা নয় প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত কোনো সমস্যা নেই।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে সচিব বলেন এই টাকা যদি বৈধ হয় এবং এর উৎস যদি সঠিক হয় তাহলে কোনো বাধা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন।

তবে অর্থের ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি উল্লেখ করেন টাকা যদি নির্বাচনে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয় তবে বিষয়টি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। এছাড়া অর্থটি অবৈধ উপায়ে অর্জিত বা কালো টাকা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য এর আগে বুধবার দুপুরের দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করে। ওই ঘটনার পরেই নির্বাচনের সময় টাকা বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে আলোচনা শুরু হয়।

এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language