জাতীয়

নতুন সরকার গঠন পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত উপদেষ্টারা তাঁদের নিয়মিত দাফতরিক কার্যক্রম চালিয়ে যাবেন। নির্বাচন ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি অধিকাংশ উপদেষ্টা সচিবালয়ে অফিস করবেন বলে জানা গেছে।

তবে এই অন্তর্বর্তীকালীন সময়ে তাঁরা নীতিগত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না বা বড় কোনো ফাইলে স্বাক্ষর করবেন না।

সংশ্লিষ্ট সূত্রমতে বিদ্যমান সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী স্বপদে বহাল থাকেন। একইভাবে ৫৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ক্ষেত্রেও উত্তরাধিকারীরা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁরা নিজ পদে বহাল থাকেন।

কেবিনেট ডিভিশন সূত্রে জানা গেছে আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এরপর ১৭ বা ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কোনো ভিন্ন নির্দেশনা আসেনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ১৫ ফেব্রুয়ারি অফিস করলেও তাঁর দপ্তরে বর্তমানে জমাকৃত বা স্বাক্ষরের মতো কোনো কাজ নেই বলে জানা গেছে।

অন্যদিকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মঙ্গলবার শেষ কার্যদিবস পার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি আইনিভাবে পদে থাকলেও নৈতিক কারণে নির্বাহী ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকবেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে না গিয়ে সরকারি বাসভবন থেকে জরুরি দাফতরিক কাজ সম্পন্ন করার কথা জানিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম রবিবার সচিবালয়ে অফিস করবেন বলে নিশ্চিত করেছেন। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও সাংবিধানিক নিয়ম মেনে নতুন মন্ত্রিসভা গঠন পর্যন্ত দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে মত দিয়েছেন।

এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language