বলিউড

লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নিশানায় এবার রণবীর সিংহ, চাওয়া হলো কয়েক কোটি টাকা

মুম্বাই, ১১ ফেব্রুয়ারি – বলিউড অভিনেতা রণবীর সিংহ এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট পাঠিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিনেতার নিরাপত্তার স্বার্থে তার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশি তল্লাশি অভিযান চলছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক কোটি টাকা না দিলে অভিনেতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর রণবীর মুম্বাই পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ জানানোর পরই পুলিশ তার বাড়িতে পৌঁছায়। কে বা কারা এই হুমকি দিয়েছে তা এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের দল এর সঙ্গে জড়িত। ওই ভয়েস নোটের উৎস এবং প্রেরকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

এদিকে রণবীর, তার স্ত্রী দীপিকা পাড়ুকোন এবং কন্যা দুয়া যে হাউজিং সোসাইটিতে বসবাস করেন, সেখানকার ব্যবস্থাপনা কমিটি পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়েছে। ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ব্যক্তিগত দেহরক্ষীদের সশস্ত্র উপস্থিতির কারণে অন্য বাসিন্দাদের অসুবিধার কথা উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। বলিউডে প্রাণনাশের হুমকি পাওয়ার তালিকায় রণবীর সিংহ সর্বশেষ সংযোজন। কিছুদিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, যার দায় স্বীকার করেছিল বিশ্নোই গ্যাং। এছাড়া সালমান খান ও শাহরুখ খানের মতো তারকারাও এর আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন এবং তাদের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language