বাগেরহাটের মোংলায় কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বাগেরহাট, ১১ ফেব্রুয়ারি – বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শুরুতে অধিক ঝুঁকিপূর্ণ ও দূরবর্তী কেন্দ্রগুলোতে এবং পর্যায়ক্রমে সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ অন্যান্য উপকরণ পাঠানো হচ্ছে। বাগেরহাট ৩ আসনটি মোংলা ও রামপাল নিয়ে গঠিত এবং এই দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৬টি। এর মধ্যে মোংলায় ৫২টি এবং রামপালে ৫৪টি কেন্দ্র অবস্থিত। স্থানীয় প্রশাসনের তথ্যমতে মোংলায় ৯টি ও রামপালে ১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই আসনের একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান যে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা দল এগুলো স্কট করে নিয়ে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির জন্য তিনজন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









