পূর্বাচলে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, ৫ দোকান ভস্মীভূত

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – রাজধানীর পূর্বাচল এলাকার নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতের দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্তোরাঁ এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর ভেতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে গেছে, যার ফলে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন নেভানোর আগেই দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়। পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেটে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়া মাত্রই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









