চাপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, ১০ ফেব্রুয়ারি – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বা ৫৩ বিজিবি। সদরে আয়োজিত ওই ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ রোধে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যাতে দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিজিবি সারাদেশে ৩৪টি পিস্তল, দুটি রাইফেল, ৩৮টি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্য জব্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে ৫৩ বিজিবি একজন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল ও ২৯ রাউন্ড গুলি জব্দ করতে সক্ষম হয়েছে।

এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language