কুমিল্লায় সীমান্তের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করল র্যাব

কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি – কুমিল্লার ভারত সীমান্তবর্তী একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, সীমান্তরেখা থেকে আনুমানিক ৩৫০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন বসিয়ে সেচ কার্যক্রম চালাচ্ছে র্যাব সদস্যরা। পানি কমিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে বস্তাবন্দী অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলোর সন্ধান পাওয়া যায়।
অভিযান প্রসঙ্গে মেজর সাদমান জানান, সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় বেশ কয়েকটি পিস্তল, বন্দুক এবং ধারালো অস্ত্র পাওয়া গেছে। ওই পুকুরে আরও অস্ত্র লুকিয়ে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









