নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে আছে বলে মনে করছি

ঠাকুরগাঁও, ১০ ফেব্রুয়ারি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে তারা মনে করছেন। তিনি বলেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আসবে— এমন প্রত্যাশা রয়েছে। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে বলেও তিনি মনে করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং প্রতিপক্ষকে কখনো দুর্বল হিসেবে দেখে না। তার মতে, জামায়াত কৌশলগতভাবে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি সবসময় ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে।
মির্জা ফখরুল বলেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার স্বাধীনতাই বিএনপির অবস্থান। তার ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









