জাতীয়

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত, আহত ১০

পাবনা-ঢাকা মহাসড়ক, ১০ ফেব্রুয়ারি – পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। দুর্ঘটনায় গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language