জাতীয়

কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নারী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন নারী শ্রমিকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স-বাংলাদেশ নারী কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা অভিযোগ করেন, নারী শ্রমিকদের চরিত্র ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়াচ্ছে যা নারীদের শ্রমবাজার থেকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। সংগঠনের নারী কমিটির আহ্বায়ক রাসিদা আক্তারের সভাপতিত্বে এবং সদস্যসচিব পারভিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আঁখি ও নারী কমিটির নেতা ফারজানা আক্তার মনি। সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি নারী শ্রমিকরা। পোশাক খাত থেকে শুরু করে কৃষি, চা-বাগান ও অন্যান্য খাতে তাদের অবদান অনস্বীকার্য। অথচ কিছু রাজনৈতিক নেতা ও প্রভাবশালী মহল নারীদের অবমাননা করে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। অন্যথায় নারী শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কঠোর জবাব দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language