জাতীয়

সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – সরকার পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে নিজের কার্যালয়ে সচিবদের সঙ্গে এক সংক্ষিপ্ত সভায় তিনি এই বার্তা দেন। সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট সচিবদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে অন্তর্বর্তী সরকার গঠনের সময় নির্ধারিত লক্ষ্যগুলোর অধিকাংশই সফলভাবে অর্জিত হয়েছে। বাকি অসম্পূর্ণ কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান মূলত সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে প্রশাসনের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

অপর এক সচিব প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে জানান যে তারা সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে রেখে কাজ শুরু করেছিলেন। নানা সংস্কারের পাশাপাশি আরও কিছু প্রস্তাব রাখা হচ্ছে যা পরবর্তী সরকার বিবেচনায় নেবে বলে আশা করা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে বৈঠকে প্রায় ৭০ জন সচিব উপস্থিত ছিলেন এবং সচিবদের পক্ষ থেকে শুধুমাত্র মন্ত্রিপরিষদ সচিব বক্তব্য রাখেন।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language