শিক্ষা

রাজধানীর সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – রাজধানীর সরকারি সাতটি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ গেজেট আকারে প্রকাশ করা হয়।

চূড়ান্ত অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে যে পূর্বে প্রস্তাবিত খসড়ার মতো সাতটি কলেজ চারটি স্কুলে বিভক্ত হবে না। বরং কলেজগুলোর নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই তারা একাডেমিকভাবে নতুন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে।

এই অধ্যাদেশ জারির মধ্য দিয়ে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে এল। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন করে আসছিলেন।

২০১৭ সালে কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই আন্দোলন আরও গতি পায়।

প্রাথমিকভাবে ইউজিসির প্রস্তাবিত রূপরেখায় কলেজগুলোকে চারটি স্কুলে বিভক্ত করার কথা বলা হলেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের আপত্তির মুখে তা পরিবর্তন করা হয়।

অবশেষে ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এই অধ্যাদেশটি চূড়ান্তভাবে জারি হলো।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language