রমজানে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ, চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী আসন্ন রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজেই নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









