২০০৮ সালের মতো নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা চলছে: মির্জা আব্বাস

ঢাকা-৮, ৮ ফেব্রুয়ারি – ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ২০০৮ সালের নির্বাচনের মতোই আসন্ন নির্বাচনকে প্রভাবিত বা ম্যানিপুলেট করার গভীর ষড়যন্ত্র চলছে। রবিবার দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এই অভিযোগ করেন। মির্জা আব্বাস দাবি করেন, প্রশাসনের বিশেষ বিশেষ পদে সরকারের অনুগত বিশেষ ব্যক্তিদের বসানো হয়েছে।
তারা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করতে যা যা করা প্রয়োজন, তার সবই করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যাদের দেশ পরিচালনা বা সুষ্ঠু নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে নির্বাচনে জয়লাভের কথা জোর দিয়ে বলেন? বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও অভিযোগ করেন যে, তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি মন্তব্য করেন, এর মাধ্যমে তার প্রতিপক্ষ জোট মূলত সহানুভূতি বা ‘সিম্প্যাথি’ ভোট আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









