মিয়ানমার থেকে আসা গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

টেকনাফ, ৮ ফেব্রুয়ারি – মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা যাওয়া শিশু হুজাইফা আফনানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়া এই শিশুটিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে সমাহিত করা হয়।
জানাজার নামাজে স্থানীয় শত শত মানুষের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। বিশেষ করে উখিয়া ও টেকনাফ আসনে ধানের শীষের সাবেক সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমির নুর মোহাম্মদ আনোয়ারী উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই শিশুটির মরদেহ একনজর দেখার জন্য স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে ভিড় জমান।
প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৩ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে গুলিবিদ্ধ হয় হুজাইফা। সে লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









