দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বাঘ রক্ষায় যুবরাজ তেংকু হাসানালের অনন্য উদ্যোগ, মিলছে সুফল

পাহাং, ৮ ফেব্রুয়ারি – মালয়ান বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পাহাং রাজ্যের যুবরাজ তেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।

তার প্রচেষ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়েছে রাজকীয় বাঘ সংরক্ষণাগার। এক সময় মালয়েশিয়ায় প্রায় তিন হাজার বাঘের বিচরণ থাকলেও বন উজাড় ও চোরাশিকারের কারণে সেই সংখ্যা দেড়শতে নেমে এসেছে। এই সংকটময় মুহূর্তে যুবরাজ হাসানাল বাঘ রক্ষায় এগিয়ে আসেন। ২০২৩ সালে তিনি তামান নেগারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় আল-সুলতান আবদুল্লাহ রয়েল টাইগার রিজার্ভ প্রতিষ্ঠা করেন।

প্রায় ৫ লাখ ৬৮ হাজার ৫০০ হেক্টর আয়তনের এই বনাঞ্চল বাঘের বিচরণক্ষেত্র উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক সংস্থা প্যানথেরা জানিয়েছে যে বিচ্ছিন্ন বনগুলোকে করিডোরের মাধ্যমে যুক্ত করায় বাঘের চলাচল ও বংশবিস্তার সহজ হয়েছে। রিজার্ভের নিরাপত্তায় ৩৪০টির বেশি ক্যামেরা ট্র্যাপ বসানো হয়েছে এবং ২৬ জন ওরাং আসলি আদিবাসী রেঞ্জার নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের তথ্যমতে এলাকাটি এখন সম্পূর্ণ ফাঁদমুক্ত। এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ও সংযুক্ত আরব আমিরাত থেকে বড় অঙ্কের অনুদান এসেছে। সম্প্রতি ক্যামেরা ট্র্যাপে একটি বাঘিনী ও তার দুই ছানার ছবি ধরা পড়ায় এই উদ্যোগের সফলতা প্রমাণিত হয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language