জাতীয়

যমুনার সামনে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নিন্দা জামায়াতের

শাহবাগ, ৭ ফেব্রুয়ারি – রাজধানীর শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের মারধর ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

তিনি উল্লেখ করেন যে শুক্রবার ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয় এবং ওই পরিস্থিতিতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় পুলিশের কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

জামায়াত নেতা জানান পুলিশের হামলায় কালের কণ্ঠ, আরটিএনএন, যুগান্তর, মাই টিভি ও জাগরণ নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন যা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক পুলিশ সদস্য একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে পায়ে লাথি মেরে ফেলে দিচ্ছেন। তিনি পুলিশ সদস্যদের এ ধরনের অপেশাদার আচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language