জাতীয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমের একাংশের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে সরকার গণমাধ্যমের কাছ থেকে সর্বদা দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম উল্লেখ করেন গত ১৮ মাস ধরে দেশের গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। তবে এরপরও মৌলিক সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য যাচাইবাছাইয়ে ব্যর্থতার চিত্র বারবার ফুটে উঠছে।

প্রেস সচিব জানান শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতা আবদুল্লাহ আল জাবের ও অন্যান্যরা আহত হন। জাবেরকে হাসপাতালে নেওয়ার পথে তার ফেসবুক থেকে গুলিবিদ্ধ হওয়ার দাবি করা হয় যা দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

দুর্ভাগ্যজনকভাবে টেলিভিশন ও সংবাদপত্রসহ মূলধারার অনেক গণমাধ্যম যাচাই ছাড়াই ওই তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ায়।

সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশ নিশ্চিত করে যে ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি এবং অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় পুলিশ এখন আর প্রাণঘাতী অস্ত্র বহন করে না।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও নিশ্চিত করেন যে জাবের বা অন্য কোনো আন্দোলনকারী গুলিবিদ্ধ হননি। ভুল সংবাদ সহিংসতা ও দাঙ্গা উসকে দিতে পারে উল্লেখ করে শফিকুল আলম পূর্ববর্তী মাইলস্টোন স্কুলের ঘটনার উদাহরণ টানেন। তিনি বলেন ক্লিকবেইট সাংবাদিকতা ও অতিরঞ্জিত তথ্য পরিবেশন জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে।

সাংবাদিকদের আত্মসমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন সরকার বা রাজনীতিকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিজেদের দায়িত্ব পালনেও সাংবাদিকদের সচেষ্ট হওয়া উচিত।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language