জাতীয়

নীলফামারীতে তারেক রহমানের জনসভা আজ, নিরাপত্তা জোরদার ও ব্যাপক প্রস্তুতি

নীলফামারী, ৭ ফেব্রুয়ারি – নীলফামারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলার নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। শনিবার সকাল থেকেই শহরের বড়মাঠে সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় পরিলক্ষিত হয়, যেখানে অনেকের মাথায় দলীয় প্রতীক সম্বলিত ক্যাপ ও হাতে ব্যানার দেখা গেছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর ১টায় হেলিকপ্টারযোগে এই জনসভায় উপস্থিত হয়ে তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বড় মাঠ ও এর আশপাশের এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া দূর-দূরান্ত থেকে আগত নেতাকর্মীদের যানবাহন রাখার জন্য নির্দিষ্ট গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী তারেক রহমান প্রথমে বেলা ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুরে নীলফামারীর উদ্দেশ্যে রওনা হবেন। নীলফামারীর কর্মসূচি শেষে দুপুর ২টায় তিনি হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সবশেষে বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language