জাতীয়

নাটোরের আব্দুলপুর জংশনে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নাটোর, ৬ ফেব্রুয়ারি – নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের নিচে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় এই দুর্ঘটনা ঘটে। সহযাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য আব্দুলপুর জংশনে যাত্রাবিরতি দেয়। এ সময় মাহদী হাসান প্ল্যাটফর্মের দোকান বা শৌচাগারে না গিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে ট্রেনের অপর পাশে যাওয়ার চেষ্টা করছিলেন।

ঠিক সেই মুহূর্তে ইঞ্জিন পরিবর্তনের জন্য চলমান একটি ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইনের ওপর পড়ে যান এবং ট্রেনের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। একই ট্রেনে থাকা রাবির আইন বিভাগের আরেক শিক্ষার্থী ইউসুফ জানান, তারা অনেকেই ওই ট্রেনে ছিলেন কিন্তু শুরুতে নিহতের পরিচয় বুঝতে পারেননি কারণ মরদেহটি চেনার উপায় ছিল না। পরে ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে তারা বিষয়টি জানতে পারেন।

ইউসুফ আরও অভিযোগ করেন যে দুর্ঘটনার পর রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সহযোগিতা দেখা যায়নি। নিহত মাহদী হাসান মুরাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।

এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language