খুলনা

খুলনায় সেলুন থেকে টেনে বের করে তরুণকে গুলি করে হত্যা

খুলনা, ৬ ফেব্রুয়ারি – খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন নামে ২৩ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে যে রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। ঘটনার কিছু সময় আগে দুই যুবক সেলুন থেকে তাকে জোর করে টেনে বের করে এবং মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান রাত ১০টার দিকে পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে সদর থানা ও লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত রাকিব নিজেও একটি গ্রুপের সদস্য বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার সঙ্গে জড়িতদের নাম পাওয়া গেছে এবং পুলিশি অভিযান শুরু হয়েছে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language