জাতীয়

উপদেষ্টার আশ্বাসে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি – নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের চলমান কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক শেষে পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর এই কর্মসূচির পরিবর্তনের কথা জানান।

পবিত্র রমজান মাস ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার ও শনিবার তাদের আন্দোলন স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে উপদেষ্টা আলোচনার মাধ্যমে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে শ্রমিক নেতাদের আশ্বস্ত করেছেন।

তবে শনিবারের মধ্যে দাবি আদায়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে রোববার থেকে পুনরায় কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংগ্রাম পরিষদের অপর সমন্বয়ক ইব্রাহীম খোকন জানান, উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। মূলত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়। শুরুতে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে এবং পরবর্তীতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। প্রথমে প্রতিদিন আট ঘণ্টা কর্মবিরতি থাকলেও মঙ্গলবার থেকে টানা কর্মবিরতি শুরু হওয়ায় বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে উপস্থিত হন। বন্দরের চার নম্বর গেইটের সামনে তিনি আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন এবং পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে শ্রমিক নেতারা ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব না দেওয়া এবং আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান।

উপদেষ্টা বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়েছেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর না রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language