আইন-আদালত

এক বছর অনুপস্থিত থাকার পর কানাডা থেকে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

ঢাকা, ২ ফেব্রুয়ারি – সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তিনি বিচারিক কার্যক্রমের বাইরে ছিলেন।

সোমবার তিনি রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র প্রেরণ করেছেন। জানা গেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানায় তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বিচারপতি মামনুন রহমান বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বিদেশে চলে যান। এরপর থেকে কোনো প্রকার ছুটি ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছিল।

উল্লেখ্য এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে রাষ্ট্রপতির মাধ্যমে অপসারণ করা হয়েছিল। গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বিচারিক কাজ থেকে বিরত রেখে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে বর্তমানে ৯ জন বিচারপতি আর দায়িত্বে নেই। কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন এবং কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বাকি তিনজন বিচারপতি এখনও পদে থাকলেও তাদের কোনো বেঞ্চ দেওয়া হয়নি।

এছাড়া চলতি মাসে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। মোট ১৩ জন বিচারপতির বাইরে আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন যার মধ্যে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশরাফুল কামাল অন্যতম। এদের মধ্যে মামনুন রহমান আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।

এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language