জাতীয়নির্বাচন

প্রবাসীদের পাঠানো প্রায় দুই লাখ পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ঢাকা, ২ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে যেসব প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন, তাঁদের পাঠানো ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যানুযায়ী সোমবার বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট গ্রহণ করেছেন।

ইতিমধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী তাঁদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। এ ছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন বলে জানা গেছে। বিডি পোস্ট কর্তৃপক্ষ ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশের ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ইতিমধ্যে ব্যালট পাঠানো হয়েছে।

এস এম/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language