উত্তর আমেরিকা

শ্রমিক সংকট কাটাতে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ৬৫ হাজার এইচ-২বি ভিসা অনুমোদন

ওয়াশিংটন, ১ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্র সরকার চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার এইচ-২বি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয় যে দেশীয় শ্রমিকের অভাবে যেসব নিয়োগকর্তা মারাত্মক আর্থিক ক্ষতির ঝুঁকিতে রয়েছেন তাদের সহায়তা করার লক্ষ্যেই এই অতিরিক্ত ভিসা অনুমোদন করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে প্রতি বছর বিভিন্ন শিল্পখাতে বরাদ্দকৃত ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হতে চলেছে। নির্মাণ খাত এবং হোটেল রেস্তোরাঁসহ ল্যান্ডস্কেপিং ও সি-ফুড প্রক্রিয়াজাতকরণের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এর ফলে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি বৈধ অভিবাসনের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করছেন। পূর্ববর্তী মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও প্রয়োজনে এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘ দিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে।

অন্যদিকে অভিবাসী কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের মতে এসব ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানিয়েছে অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language