ঢাকা উত্তরের প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, চলছে দুদকের অনুসন্ধান

ঢাকা, ০১ ফেব্রুয়ারি – ক্ষমতার অপব্যবহার ও নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তাধীন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ এবং সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানা বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
দুদক আইন, ২০০৪ এর ২২ ধারা, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ ধারা এবং ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারার ভিত্তিতে অভিযোগ সংশ্লিষ্ট এজাজকে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশে না থেকে বিদেশে পলায়ন করতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন বলে আদালত মনে করেছে।
এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬









