জাতীয়

কুমিল্লা-৪: বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল আপিল বিভাগ

কুমিল্লা, ১ ফেব্রুয়ারি – কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ আশাও ক্ষীণ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।

এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করতে পারছেন না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় প্রদান করেন। ঘটনার পরিক্রমায় জানা যায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছিলেন।

কিন্তু পরবর্তীতে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের শুনানি শেষে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মুন্সীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টে রিট দায়ের করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি এরপর আপিল বিভাগে আবেদন করেন। গত বৃহস্পতিবার মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয় এবং রোববার সকালে আদালত তা খারিজ করে রায় ঘোষণা করেন।

এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language