খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি, ১ ফেব্রুয়ারি – খাগড়াছড়ি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন বা ৩২ বিজিবির অধীনস্থ বান্দরসিং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এই কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায় যে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। বান্দরসিং বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো হেদায়েতুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরসিংপাড়া নামক এলাকায় চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪৪ সিএফটি ভারতীয় সেগুন কাঠ এবং সাত সিএফটি গামারী কাঠ জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যারা। জব্দকৃত এসব কাঠ মাটিরাঙ্গা বনবিটে জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন এ বিষয়ে জানান যে খাগড়াছড়িতে চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি এবং ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।
এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬









