শিক্ষা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ প্রার্থী

ঢাকা, ৩০ জানুয়ারি – সারা দেশে একযোগে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এবারের বিসিএসে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি সূত্রে জানা গেছে যে এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগের সুযোগ রাখা হয়েছে। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।

এদিকে পরীক্ষা স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ফলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবারই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন যে হাইকোর্ট রিটটি খারিজ করায় পরীক্ষা গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। সারা দেশের ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচনকালীন গণভোটের প্রচারের কারণে সব পরীক্ষা স্থগিতের দাবিতে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছিলেন এনামুল হকসহ কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি পূরণ না হওয়ায় গত বুধবার চারজন প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেছিলেন যা শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language